জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্য পাঠানোর প্রস্তুতিতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরীণ কার্যক্রম শাখার জারি করা আদেশে কমিটি গঠনের কথা বলা হয়েছে।

পরিকল্পনায় একটি ১২৫ সদস্যের ফর্মড পুলিশ ইউনিট বা এফপিইউ এবং একটি সোয়াট প্লাটুন অন্তর্ভুক্ত রয়েছে।

আদেশে বলা হয়েছে, পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের আওতায় বাহিনী পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কমিটিকে যানবাহন, প্রধান সরঞ্জাম এবং মিশনে ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী পরীক্ষা ও পরিমাপ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় নতুন সরঞ্জাম কেনা ও সংগ্রহের প্রক্রিয়াও আগামী দুই মাসের মধ্যে শুরু করার কথা রয়েছে।

জাতিসংঘের প্রতিনিধিদের সম্ভাব্য পরিদর্শনের প্রস্তুতি এবং কার্গো লোড তালিকা তৈরিও কমিটির দায়িত্বের মধ্যে রাখা হয়েছে।

সোয়াট প্রশিক্ষণ শেষে মেধার ভিত্তিতে সদস্যদের মূল বাহিনীতে অন্তর্ভুক্ত করার দায়িত্বও কমিটিকে দেওয়া হয়েছে।

পুলিশের ডিআইজি (ফিন্যান্স) মো. আতিকুর রহমান কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন।

পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের অনুমোদনে জারি আদেশে অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষর করেছেন।