অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ।

৩ আগস্টের বিজ্ঞপ্তিতে বিভাগটি বলেছে, অতিরিক্ত বিল নিয়ে পাওয়া অভিযোগগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে।

বিভাগের ভাষ্য, এ অবস্থায় অতিরিক্ত বিল নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

কোনো গ্রাহকের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে বলা হয়েছে।

এ ধরনের আবেদন গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিভাগ জানিয়েছে।

প্রমাণ ছাড়া অতিরিক্ত বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে কতটি অভিযোগ পাওয়া গিয়েছিল, সেগুলো কীভাবে নিষ্পত্তি হয়েছে বা অভিযোগকারীদের অবস্থান কী—এসব তথ্য উল্লেখ করা হয়নি।