রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় রবিবার দুপুরে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো জরুরি বার্তায় দাবি করা হয়েছে, দায়িত্ব পালনকালে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় কিছু ব্যক্তি হামলা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের উপ-কমিশনার।

ডিএনসিসির দাবি, ঘটনাস্থলে পৌঁছানোর পর হামলাকারীরা প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও চড়াও হয়ে হামলা চালায়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা কেউ আটক হয়েছেন কি না, তা নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।