১ আগস্ট থেকে দেশের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ডিভাইস সংযুক্ত করা এবং তা চালু রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ বলেছে, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ পদক্ষেপ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১১ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বলে সংস্থাটি জানিয়েছে।

নতুন গাড়ির নিবন্ধন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজন যাচাই করা হবে।

বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেছেন, নিবন্ধন বা ফিটনেসের জন্য গাড়ি আনলে জিপিএস যুক্ত থাকতে হবে এবং সংস্থার ব্যবস্থায় তা যাচাই করা হবে।

বিআরটিএ মালিক বা প্রতিনিধিদের জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে এবং মোবাইল অ্যাপ প্রদর্শন করতে বলেছে।

সংস্থাটি বলেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী যাচাইয়ের পর নিবন্ধন ও ফিটনেস নবায়ন করা হবে।

জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জিপিএস স্থাপনের চুক্তি হলেও ১ আগস্ট থেকেই সব গাড়িতে ব্যবস্থা চালু করা সম্ভব হবে না।

সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান বলেছেন, পুরো প্রক্রিয়া শেষ করতে আরও সময় লাগবে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেছেন, জিপিএসের সুফল পেতে প্রযুক্তির পাশাপাশি কার্যকর তদারকি, কাঠামোগত সংস্কার ও জবাবদিহি প্রয়োজন।