রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়।

তিনি বলেন, পুলিশকে জনগণের বন্ধু ও সেবক হিসেবে আইনের নিরপেক্ষ প্রয়োগ করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা এবং মানবাধিকার সমুন্নত রাখতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রভাব, পক্ষপাতিত্ব ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সংবিধান ও আইনের প্রতি আনুগত্য বজায় রাখতে হবে।

সাইবার অপরাধ, ডিজিটাল প্রতারণা ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের কারিগরি দক্ষতা অর্জনের তাগিদ দেন তিনি।

তিনি বলেন, সেবা নিতে এসে কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রথম পর্যায়ের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার কর্মজীবনে প্রবেশ করছেন।

সমাপনী কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া বেস্ট প্রবেশনার ও বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ পুরস্কার পান।

আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম বেস্ট একাডেমিক এবং এ বি এম মামুন বেস্ট শ্যুটার পুরস্কার পান।