রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা ও অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এ জন্য ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে ৩০ জুলাই এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণসহ সব প্রটোকল-সংক্রান্ত ক্ষেত্রে অগ্রাধিকার তালিকা মেনে চলার কথা বলা হয়েছে।
নির্দেশনাটি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার এবং জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত নির্দেশনায় সরকারি অনুষ্ঠান ও প্রটোকলিক কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকার যথাযথ প্রয়োগ নিশ্চিত করাকে উদ্যোগটির উদ্দেশ্য বলা হয়েছে।