ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধন হয় ২ আগস্ট।

ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলে তিনি আশা করেন।

দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য জনগণের কল্যাণ এবং উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

অর্থাভাবে সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকার অনেক মানুষ চোখের যথাযথ চিকিৎসা পান না বলে মির্জা ফখরুল উল্লেখ করেন।

এ ধরনের চক্ষু শিবিরে মানুষ উপকৃত হবেন এবং ভবিষ্যতে মানবিক স্বাস্থ্যসেবা অন্য এলাকাতেও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’ প্রতিপাদ্যে শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় রোগ নির্ণয়-সেবা দেওয়ার কথা বলা হয়।

আয়োজকেরা জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএসের চেয়ারম্যান অধ্যাপক ডা. চেত রাজ পান্ত এবং বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।