রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা ও অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

৩০ জুলাই জারি করা চিঠিতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬’-এর জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত সংস্করণ অনুসরণের কথা বলা হয়েছে।

চিঠিতে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণসহ সব প্রটোকল-সংশ্লিষ্ট ক্ষেত্রে ওই বিধান মেনে চলতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত চিঠিটি জেলা পরিষদ শাখা থেকে জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।

চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার এবং জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দেওয়া হয়েছে।