স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বলেছেন, দুবাই আদালতে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সরকার তার জামিন বাতিলের জন্য দুবাইয়ে একটি আইনি পরামর্শক নিয়োগ করেছে।
তিনি বলেন, জামিনের শর্ত অনুযায়ী বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
মন্ত্রী জানান, জামিন আদেশের সার্টিফাইড কপি সংগ্রহ করা হচ্ছে এবং নিয়োগপ্রাপ্ত আইনি পরামর্শককে জামিন বাতিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরত আনা যাবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দুবাই পুলিশ ও ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয় এবং গত ১২ জুন দুবাই পুলিশ চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করে।
বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা করেছে দুদক।
প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুলাই আইনি প্রক্রিয়া শেষে বেনজীর আহমেদ দুবাইয়ের কারাগার থেকে মুক্ত হন বলে জানা গেছে।
রাজশাহী পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সভায় পুলিশের আইজিপি আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন।