ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ৫ আগস্ট তার পদত্যাগের গুঞ্জনকে “পুরোপুরি গুজব” বলে উড়িয়ে দিয়ে বলেন, তিনি দায়িত্বে বহাল আছেন এবং স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে কাজ করছে।

পেজেশকিয়ান তার প্রশাসন ও ইসলামি বিপ্লবের নেতৃত্বের মধ্যে মতবিরোধ আছে—এমন দাবিও প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, একটি মহল তার প্রশাসন ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে বিভেদের ধারণা ছড়ানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, তিনি পদত্যাগ করছেন না এবং যদি কখনো এমন সিদ্ধান্ত নেন, তবে তা জনগণকে নিজেই জানাবেন।

এর আগে প্রেসিডেন্ট কার্যালয়ের তথ্য ও জনসংযোগ বিষয়ক উপপরিচালক মোহাম্মদ মাহদি তাবাতাবায়ী পদত্যাগের খবরকে “ভিত্তিহীন” ও “সম্পূর্ণ মিথ্যা” বলে প্রত্যাখ্যান করেন।

তাবাতাবায়ী অভিযোগ করেন, রাজনৈতিক কট্টরপন্থি কিছু গোষ্ঠী জাতীয় ঐক্য দুর্বল করতে এবং ইরানের শত্রুদের স্বার্থে এসব গুজব ছড়াচ্ছে।