মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতি হয়েছে।

তবে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সমঝোতা হয়নি।

রুবিও শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেন।

তিনি বলেন, কিছু বাণিজ্যিক জাহাজ ইতোমধ্যে প্রণালিটি দিয়ে চলাচল করছে।

রুবিওর ভাষ্য অনুযায়ী, প্রণালি দিয়ে তেল পরিবহনও অব্যাহত রয়েছে এবং নৌপথটি পুরোপুরি বন্ধ নয়।

আরও বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ওমানের মধ্যস্থতায় দুই দেশের আলোচনা চলছে বলে তিনি জানান।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত আছে এবং মঙ্গলবার বা বুধবারের মধ্যে সমঝোতা হতে পারে।

রুবিও বলেন, হরমুজ নিয়ে সম্ভাব্য ব্যবস্থার পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি ও চূড়ান্ত সমঝোতাই যুক্তরাষ্ট্রের বৃহত্তর লক্ষ্য।

রুবিও একই সঙ্গে বাব আল-মান্দেব প্রণালির বিষয়টিও উল্লেখ করেন।

ইয়েমেন ও আফ্রিকার হর্ন অঞ্চলের মাঝের বাব আল-মান্দেব এডেন উপসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে এবং সুয়েজ খালপথে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের নৌ চলাচলের একটি গুরুত্বপূর্ণ অংশ।