গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগের ঘটনায় মোট ৭৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
তোরণটি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে নির্মাণ করা হয়েছিল।
ওই দিন মধ্যরাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিলে নিচের অংশ আংশিক পুড়ে যায়।
বুধবার রাতে ইমন ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।
মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।