মাগুরার মহম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা আহাদ-সুমন হত্যা মামলার আসামি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উজ্জ্বল আক্তার কাফুরকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার ধোয়াইল বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশ জানায়, বিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অন্তত ১৫ নেতাকর্মীর সঙ্গে গোপন বৈঠক করার সময় কাফুরকে গ্রেফতার করা হয়।
মহম্মদপুর থানার ওসি এম শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযুক্ত মিল্টনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের কর্মীদের সমর্থন লাভের উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একই গোষ্ঠীর বিরুদ্ধে গত বছর সড়কে আগুন জ্বালিয়ে পুলিশের গাড়ি থেকে আকাশ নামে এক যুবককে ছিনিয়ে নেওয়া ও হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।