ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার দিল্লির নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল গণমাধ্যম অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করছে এবং সেখানে যেসব মতামত প্রকাশ করা হবে, সেগুলো ভারত সরকার সমর্থন করে না।

মুখপাত্রের মতে, নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজনে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ যে উদ্বেগ প্রকাশ করেছে, সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই।

বাংলাদেশ জানিয়েছে, এ ধরনের আয়োজন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক গতিধারায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

জয়সওয়াল আরও জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল।

তিনি বলেন, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অন্যান্য আঞ্চলিক জোটের প্রধানদেরও প্রচলিত নিয়মে একইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা; বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমন্ত্রণপত্র পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।