মস্কো অঞ্চলের চেখভ জেলার নভোসেলকির একটি শিল্পস্থাপনায় ড্রোন হামলার পর একটি গুদামে আগুন লাগে; এতে অন্তত পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ বলেন, স্থাপনাটি মস্কো থেকে প্রায় ৬৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
ভোরোবিয়ভ হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানাননি।
আহতদের মধ্যে সাতজনের অবস্থা মাঝারি এবং একজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান।
কিয়েভ বলেছে, ওয়াইল্ডবেরিজ পরিচালিত গুদামগুলো রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহে ব্যবহৃত হয়।
মস্কো কিয়েভের ওই দাবি অস্বীকার করেছে।
স্থানীয় কর্মকর্তারা সেন্ট পিটার্সবার্গ ও তভের অঞ্চলে ওয়াইল্ডবেরিজের গুদাম লক্ষ্য করেও হামলার কথা বলেছেন।
ওয়াইল্ডবেরিজ প্রকাশ্যে বিস্তৃত মন্তব্য না করলেও সেন্ট পিটার্সবার্গের একটি স্থাপনায় হামলার ঘটনা নিশ্চিত করেছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা বলেছে, রুশ হামলায় দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মাইকোলাইভে ৮৯ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
সংস্থাটি আরও জানিয়েছে, মাইকোলাইভে সাতজন আহত হয়েছেন; তাঁদের মধ্যে দুই ও ১২ বছর বয়সী দুটি শিশু রয়েছে।
রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই বলে যে তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।