তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, সরকারের সমালোচনা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য অপরাধ হিসেবে গণ্য হবে।
রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকতা রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, যদিও এটি সংবিধানিকভাবে রাষ্ট্রের কোনো অঙ্গ নয়।
তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধানে সীমাবদ্ধ নয়; সেই সত্য জনকল্যাণে কাজে লাগানোও গুরুত্বপূর্ণ।
জহির উদ্দীন স্বপন বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
রাষ্ট্র পরিচালনার প্রসঙ্গে তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত না হলে রাষ্ট্র পরিচালনা কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মুখ্য আলোচক ছিলেন নিউ এজের সম্পাদক নুরুল কবীর এবং সভাপতিত্ব করেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান।