ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা মারা গেছেন; তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকালে নাশতার সময় শ্বাসনালিতে খাবার আটকে তিনি অচেতন হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দীপ্তি সাহা বিভাগটির ১৭তম বিভাগীয় প্রধান ও চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় উপাচার্য তাঁকে শিক্ষক ও গবেষক হিসেবে শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য স্মরণীয় বলে উল্লেখ করেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার বিকেলে তাঁর মরদেহ বিভাগে নেওয়া হয়।
উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে পোস্তগোলার শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর বাড়ি নারায়ণগঞ্জের এনায়েতনগরের হরিয়ারপাড়ায়; তিনি ভাই, বোন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন শনিবার তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে।