কারিগরি শিক্ষা অধিদপ্তর দেশের সব সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে।

একই নির্দেশনায় প্রতিটি প্রতিষ্ঠানকে নিরাপত্তা-সংক্রান্ত মাসিক প্রতিবেদন নিয়মিত অধিদপ্তর ও সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ থাকাকালে ছাত্রাবাস থেকে কয়েকটি বৈদ্যুতিক পাখা চুরির ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মাসিক সমন্বয় সভায় জানানো হয়।

গত ১৩ জুলাই অধিদপ্তরের সম্মেলন কক্ষে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মো. আক্কাস আলীর সভাপতিত্বে ওই সভায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভার সিদ্ধান্ত বাস্তবায়নে গত ৩০ জুলাই পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীনের স্বাক্ষরিত চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

নির্দেশনাটি সব আঞ্চলিক কার্যালয়, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এবং সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পাঠানো হয়েছে।

একই সভায় সরকারের নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং দেয়াল পত্রিকা প্রকাশ, হেলথ ক্যাম্প আয়োজন ও নারী শিক্ষার্থীদের নিরাপদ স্বাস্থ্যসেবার নির্দেশনা দেওয়া হয়।

সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষকের জন্য ট্যাব সরবরাহ দ্রুত এগিয়ে নিতে মানসম্মত স্পেসিফিকেশন চূড়ান্ত করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।