২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যের পর বিজিএমইএ জানিয়েছে, ২০২৫ সালের জুলাইয়ে রপ্তানি ২৪ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, তাই চলতি বছরে তুলনামূলক প্রবৃদ্ধি অর্জন কঠিন ছিল।

বিজিএমইএ বলছে, গ্যাস সংকট, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের মাসিক রপ্তানি শিল্পের সক্ষমতা ও স্থিতিস্থাপকতা প্রকাশ করে।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুলাইয়ে ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৬ শতাংশ কমেছে, আর নিট পোশাক রপ্তানি কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ।

নতুন অর্থবছরের শুরুতে এই অর্জনকে ইতিবাচক হিসেবে দেখছে বিজিএমইএ।

জ্বালানি নিরাপত্তাসহ কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে রপ্তানি প্রবৃদ্ধির ধারা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

বিজিএমইএ জানিয়েছে, পোশাক খাতের ইতিবাচক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে তারা সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।