মঙ্গলবার ঢাকায় সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরব বাংলাদেশের মৎস্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ একাধিক খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রতি সৌদি সরকার পূর্ণ আস্থা রাখে।
সৌদি আরব আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ দেখিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি জানান, শিগগিরই সৌদি আরবে বিনিয়োগবিষয়ক একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে, এতে বিডা চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন; চলতি বছরের মধ্যে দুই দেশের রাজনৈতিক পরামর্শ সভা ও যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকও হবে।
সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী সফরে আগ্রহী বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।
একইভাবে বাংলাদেশও সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে।
সৌদি আরবে সম্প্রতি নিহত তিন বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে পাঠাতে সৌদি সরকার সহযোগিতা করেছে বলে প্রতিনিধিদল জানিয়েছে।