নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ টাইলস ব্যবসায়ী হাসান আলীর দায়ের করা মামলায় মিনারুল ইসলাম জনি (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মামলার এজাহারে অভিযোগ, প্রায় চার মাস আগে দোলনা খাতুন (৪০) হাসান আলীর দোকান থেকে ১৯ হাজার টাকার টাইলস বাকিতে নেন এবং গত ১৯ জুলাই পাওনা চাইতে গেলে হাসানকে তার বাড়িতে ডেকে নিয়ে জনিসহ কয়েকজন যুবক মারধর করে।

এজাহারে আরও অভিযোগ, হাসান আলীকে বিবস্ত্র করে দোলনা খাতুনের সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করা হয় এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, তার মোবাইল ফোন ও মানিব্যাগ নেওয়ার পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৬ হাজার ৯৯০ টাকা এবং ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আরও ২৭ হাজার টাকা তোলা হয়।

এজাহারে বলা হয়েছে, হাসান আলীকে প্রায় ১১ ঘণ্টা আটকে রাখার পর রাতে ছেড়ে দেওয়া হয় এবং পরদিন ভিডিও ছড়ানোর হুমকিতে তিনি দোলনা খাতুনের বাড়িতে গিয়ে ৯০ হাজার টাকা দেন।

রোববার রাতে অবশিষ্ট টাকা নিতে জনি হাসান আলীর ব্যবসাপ্রতিষ্ঠানে এলে হাসান আলী পুলিশে খবর দেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে; অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।