রাজধানীর গোলাপবাগ মোড়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৩০) নামে একজন নিহত হয়েছেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ইরান এক্সপ্রেস নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি রিকশা ও পথচারীকে চাপা দেয়।

পুলিশের ভাষ্য, ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়।

রিকশাচালক মোজাম্মেল হক (৬০) ও রিকশার যাত্রী আবুল কালাম (৫০) আহত হয়েছেন এবং তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত আবুল কালাম বলেন, তিনি বাসাবো থেকে রিকশায় যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন; এ সময় ফ্লাইওভার থেকে নামা বাসটি সামনে থাকা রিকশা, পথচারী ও অন্য যানবাহনের ওপর উঠে যায়।

পুলিশ বাসটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে বলে উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান।

মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি সিরাজগঞ্জের বাসিন্দা এবং একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।