জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, বলেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে এবং দ্রুততার জন্য প্রক্রিয়াটিকে তাড়াহুড়ো করা হবে না।

চিফ প্রসিকিউটরের ভাষ্য, ২০২৪ সালের আগস্টে ট্রাইব্যুনাল গঠনের পর এ পর্যন্ত ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে।

তিনি জানান, বর্তমানে ট্রাইব্যুনালে জুলাই-সংশ্লিষ্ট ২০টি মামলা বিচারাধীন রয়েছে।

তদন্ত শেষ হওয়া ঘটনাগুলো পর্যায়ক্রমে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

সারা দেশে জুলাই-সংশ্লিষ্ট ৫০৯টি ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে বলে চিফ প্রসিকিউটর উল্লেখ করেন।

বাছাই করে আসামি করার অভিযোগ নাকচ করে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তারা স্বাধীনভাবে তদন্ত করেন এবং প্রসিকিউশন তদন্তে হস্তক্ষেপ করে না।

কোনো তদন্তে ঘাটতি বা অসঙ্গতি পাওয়া গেলে তা পুনঃতদন্তের জন্য ফেরত পাঠানো হয় বলে তিনি জানান।

আপিল শুনানির প্রস্তুতিও চলেছে বলে চিফ প্রসিকিউটর জানিয়েছেন।