প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী নিশ্চিত করেছেন।

মামলাটির বাদী বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল।

এজাহারে রুবেল অভিযোগ করেন, ২৯ জুলাই তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট তিনি দেখেন।

তার দাবি, পোস্টটিতে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য ছিল এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এজাহারে আরও বলা হয়েছে, সমালোচনার পর পোস্টটি মুছে ফেলা হয়।

বাদীর অভিযোগ, পোস্টটির মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

ইব্রাহীম আলী বলেছেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তানভীরের প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।