প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ আগস্ট শেখ হাসিনা প্রকাশ্যে বক্তব্য দিতে পারেন—এমন একটি প্রচারিত খবরও আলোচনায় আসে।

হুমায়ুন কবির ভারতের সহযোগিতা চেয়ে বলেন, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কর্মকাণ্ড চালাতে না পারেন।

তিনি বলেন, এ ধরনের কার্যক্রম দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ভারতীয় হাইকমিশনার বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।

উভয় পক্ষ নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেয়।

তারা পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের আশা প্রকাশ করে।