রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে।
৫ আগস্ট রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত অফিস আদেশে কমিটি গঠনের কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগে রয়েছেন।
আদেশে আরও বলা হয়, তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও রয়েছেন এবং কোন কোন শিক্ষক জড়িত তা অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে কমিটি।
কমিটির সভাপতি প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম; সদস্য ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. গোলাম সাদিক, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান।
অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।
রেজিস্ট্রার জানিয়েছেন, একজন সিন্ডিকেট সদস্যের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে এবং ৬ আগস্ট কমিটির সভা ডাকা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে বাধ্যতামূলক অবসর, চাকরি থেকে অপসারণ বা বরখাস্তের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।