স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত কোনো শক্তির বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, তবে নির্বাহী আদেশে নয়; বিচারিক প্রক্রিয়ায় আদালতই দলটির পরিণতি নির্ধারণ করবে।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ বিরোধী দলগুলোর ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের আত্মত্যাগের ফসল এই জুলাই।

তিনি আরও বলেন, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন চালাতে না দিলে সহিংস রক্তাক্ত আন্দোলন অপরিহার্য হয়ে পড়ে; স্বৈরাচার থেকে মুক্তির পর ‘জুলাই কার’ প্রশ্নে বিভক্তি চাইলে জুলাই কারও থাকবে না।

শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায় এবং দাফন দিল্লিতে হয়েছে—এমন মন্তব্যও করেন তিনি।

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি সংসদে সংবিধানের ১৮তম সংশোধনী গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেন, যা তাঁর ভাষায় শতাব্দীর সবচেয়ে ঐতিহাসিক সংশোধনী হবে।

তিনি ইলিয়াস আলীসহ গুম হওয়া অসংখ্য মানুষের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার ওপর জোর দেন এবং সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে একসঙ্গে বসার আহ্বান জানান।