চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা বিনিময় হার ধরে)।

গত বছরের একই মাসে রেমিট্যান্স ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার, ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

এর আগে ২০২৫–২৬ অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলার।

সদ্য সমাপ্ত ২০২৫–২৬ অর্থবছরে (জুলাই–জুন) বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলারের চেয়ে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক অর্থবছরে এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বাড়ায় রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।