প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ সুরক্ষার সঙ্গে সমন্বয় করে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন।
৩ আগস্ট তাঁর সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বৃক্ষরোপণ করা হবে।
এ কর্মসূচিতে বিভিন্ন ইপিজেডে মোট ১ লাখ ২৫ হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে।
উপ-প্রেস সচিবের ভাষ্য, শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে বেজার গভর্নিং বোর্ডের নবম সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের মূল্যায়ন এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্পসম্পদের সর্বোত্তম ব্যবহারও আলোচনায় ছিল।
নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানী জুট মিলসের জমি এবং বিদ্যমান অবকাঠামো অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা পর্যালোচনা করা হয়েছে।
এসব এলাকায় আধুনিক শিল্প স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ টানা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
উপ-প্রেস সচিব জানান, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের আবেদন ও লাইসেন্সের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশিকা অনুসরণ এবং নতুন নীতিমালা প্রণয়ন নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।