কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া; শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর ক্ষমার প্রয়োজন নেই।
তিনি শনিবার (১ আগস্ট) চেন্নাইয়ের কাছে মহাবলীপুরমে নিট পরীক্ষার কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে দেখা করে এই মন্তব্য করেন।
সন্তান হারানো বাবা-মায়ের কান্নার চেয়ে বেদনাদায়ক কিছু নেই উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, প্রতিটি তরুণ প্রাণ ঝরে যাওয়ায় একটি পরিবার সারাজীবনের কষ্টের বোঝা বয়ে বেড়ায়।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং বছরের পর বছর করা প্রস্তুতি এক রাতে ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা দেশের ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাকে উন্মোচন করেছে।
রাহুল গান্ধীর অভিযোগ, অসাধু একটি ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি সততা না দেখিয়ে তাদের কাছ থেকে সততা আশা করা হচ্ছে।
তার এই অবস্থান প্রধানমন্ত্রী মোদির ওই মন্তব্যের জবাব, যেখানে তিনি শিক্ষার্থীদের সমালোচনার মুখে তাদের ‘ক্ষমা’ করার কথা বলেছিলেন।
তিনি আরও বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে যাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে বা সন্তান হারিয়ে যারা শোকাহত, প্রধানমন্ত্রী তাদের কারও কাছেই সান্ত্বনা দিতে যাননি।
রাহুল গান্ধীর মতে, কেন্দ্রীয় সরকার শিক্ষার্থী এবং তাদের পরিবারের এই মর্মান্তিক কষ্ট উপলব্ধি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।