জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট রাজধানীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

৪ আগস্ট ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয়।

সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নের আশঙ্কা বিবেচনায় বহুমাত্রিক পরিকল্পনাটি করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে।

মহানগরের সব প্রবেশপথে তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার থাকবে।

গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বেশি জনসমাগমের সম্ভাব্য এলাকাগুলোতে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে বিশেষ সুইপিং কার্যক্রম চালানোর কথা জানিয়েছে ডিএমপি।

অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনে সার্বক্ষণিক নজরদারির পরিকল্পনা রয়েছে।

জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।

নিয়মিত মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য এবং র‍্যাব ও সিআইডির সদস্যরা নিরাপত্তা কার্যক্রমে মাঠে থাকবেন।

নিরাপত্তাব্যবস্থা তদারকিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরও মাঠে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।