মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার ৪ আগস্ট দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানিয়েছেন, বৈঠকে মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাতে প্রধানমন্ত্রী ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত ‘অপারেশন সি এঞ্জেলস’ কার্যক্রম স্মরণ করেন।

কমান্ডার কোহলার বিভিন্ন নৌমহড়ায় বাংলাদেশের অংশগ্রহণের কথা তুলে ধরেন এবং বলেন, আগামী নভেম্বরে বাংলাদেশে সিএআরটি মহড়া অনুষ্ঠিত হবে।

তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘সী ভিশন এক্সারসাইজ’-এ বাংলাদেশের অংশগ্রহণের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে রিম অব দ্য প্যাসিফিক (আরআইএমপিএসি) মহড়া ও প্রশিক্ষণে বাংলাদেশের অংশগ্রহণের প্রত্যাশা প্রকাশ করেন।

বৈঠকে জিএসওএমআইএ নিয়ে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়; বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্ব এবং সহযোগিতা গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়।

কমান্ডার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে এবং তিনি আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে; বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও প্রতিরক্ষা উপদেষ্টা এবং দুই দেশের রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।