দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে স্কুল মিল কর্মসূচি সম্প্রসারণের কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে ডব্লিউএফপির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি কোকো উশিয়ামার সঙ্গে সাক্ষাতে তিনি এ পরিকল্পনার কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি প্রাথমিক শিক্ষার্থীর জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা।
বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি সম্প্রসারণ এবং পুষ্টিকর খাবার নিশ্চিতের বিষয় আলোচনা হয়।
ভবিষ্যতে পরীক্ষামূলকভাবে রান্না করা গরম খাবার চালুর সম্ভাবনাও আলোচনায় ছিল।
ববি হাজ্জাজ কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
শহর ও গ্রামাঞ্চল, ভৌগোলিক বৈচিত্র্য এবং আর্থসামাজিক অবস্থার পার্থক্য বিবেচনায় প্রয়োজনভিত্তিক পৃথক পরিকল্পনার ওপরও তিনি জোর দেন।
কোকো উশিয়ামা বলেন, স্কুল মিল পুষ্টির পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, ঝরে পড়া রোধ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠনে ভূমিকা রাখতে পারে।
তিনি স্কুল গার্ডেন, পুষ্টি শিক্ষা ও স্থানীয় কৃষির সঙ্গে স্কুল মিলের সমন্বয়ের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিদ্যমান সমন্বিত প্রাথমিক শিক্ষা তথ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং ভবিষ্যতে সমন্বিত তথ্যব্যবস্থা গঠনে কারিগরি সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ডব্লিউএফপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।