বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে পঞ্চগড়ের শেরে বাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি বলেন, জুলাই সনদ প্রতিটি পৃষ্ঠায় এবং অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।

প্রতিমন্ত্রী সব দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অতীতের ‘ফ্যাসিস্ট’ যেন আবার অনৈক্য বা বিভেদ তৈরি করতে না পারে এবং দ্বিতীয় স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে।

তিনি আরও বলেন, পঞ্চগড়ের পাঁচ কৃতি সন্তান রাজপথে ফ্যাসিস্টের গুলিতে প্রাণ দিয়েছেন; তাদের মাগফিরাত কামনা করেন তিনি।

পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত হয়।

স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম ও সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

পরে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়; আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবং বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অনেকে।