বুধবার বরিশাল নগরীর টাউন হল চত্বরে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, জুলাই সনদ নিয়ে কেউ প্রতারণা বা চক্রান্ত করলে তার পরিণতি ভালো হবে না।

তিনি বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত রক্তস্নাত ঐতিহাসিক অর্জন নিয়ে কোনো ছিনিমিনি খেলা সহ্য করা হবে না।

ফয়জুল করীম বলেন, ক্যাম্পাসগুলোতে সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে।

একই বক্তব্যে তিনি গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের সার্বিক পুনর্গঠন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকিম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফি।

বক্তব্য রাখেন মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান ও মুহাম্মাদ জাকির হোসেন কাফরাসহ আরও নেতারা।

সমাবেশ শেষে বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি গণমিছিল বেরিয়ে এসে সমাবেশস্থলে শেষ হয়।