সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তরা শাহবাগে কয়েক ঘণ্টার অবস্থান কর্মসূচির পর তা প্রত্যাহার করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তিতে যোগদান ও পদায়নের তারিখ আগামী ৪ অক্টোবর নির্ধারণ করা হয়।

সুপারিশপ্রাপ্তরা আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে সকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি জারি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

বেলা দুইটার দিকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে তারা সরকারকে ধন্যবাদ জানান এবং সড়ক পরিষ্কার করে এলাকা ত্যাগ করেন।

কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ছিল।

এ সময় শাহবাগ থেকে টিএসসিমুখী সড়কের ডান পাশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয় ৮ ফেব্রুয়ারি।

চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নির্বাচিত হন।

২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্টসহ, এবং প্রয়োজনীয় সনদ যাচাই সম্পন্ন হয়।