প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন।

শনিবার (১ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, মার্কিন বিশেষ দূত বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

তিনি জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতের সহযোগিতা ছাড়াও বিদ্যুৎ ও গ্যাস খাতের সংকট কাটানোর সরকারি পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

আমদানি-রপ্তানি গতিশীল করতে সমুদ্র ও স্থলবন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি শেষে শিগগিরই তা চালু করা হবে বলেও জানান তিনি।

একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের প্রথম সারির কয়েকজন ব্যবসায়ীর পৃথক বৈঠক হয়েছে, যেখানে বিনিয়োগ পরিবেশ, শিল্প উৎপাদন, জ্বালানি সরবরাহ ও রপ্তানি সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

বেসরকারি খাতের বিকাশে নীতিগত সহায়তা অব্যাহত রাখা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ, শিল্পায়ন ও ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা কমাতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে বলে মাহদী আমিন উল্লেখ করেন।