আপিল বিভাগের চেম্বার আদালত কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার একমাত্র আসামি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন স্থগত করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন; নির্দিষ্ট সময়ে আত্মসমর্পণ না করলে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ হাফিজুরকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেয় এবং ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে জামিন স্থগত চেয়ে আবেদন করে; অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল বলেন, হাফিজুর ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করলে পুলিশ তাকে গ্রেপ্তার করবে এবং বিষয়টি রবিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
হাফিজুর রহমানকে গত এপ্রিলে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসে টিউশনি করতে গিয়ে তনু নিখোঁজ হন এবং পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা হত্যা মামলা করেন; দীর্ঘদিনেও এই আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়নি।