চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আবির নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত প্রায় ৯টার দিকে বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান এলাকার গুলবাহার বিল্ডিংয়ে ঘটনাটি ঘটে।

আবির রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. জমির হোসেন বলেন, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত থাকার সময় সে সবার অগোচরে ছাদে চলে যায়।

মো. জমির হোসেনের ভাষ্য, পরে শিশুটি ছাদ থেকে পড়ে যায়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন বলে তিনি জানান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।