গ্যাস-সংকটের অভিযোগে লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা সড়ক অবরোধ করেছেন।

২ আগস্ট রাত ১০টা থেকে প্রায় সোয়া ১১টা পর্যন্ত জেলা শহরের ইসলাম মার্কেট এলাকায় গ্রীন লাইফ ফিলিং স্টেশনের সামনে এ কর্মসূচি চলে।

অবরোধে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে যানবাহনের সারি তৈরি হয়।

এতে যাত্রীদের ভোগান্তি হয়।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, দীর্ঘদিনের গ্যাস-সংকটে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে।

তাঁদের ভাষ্য, গ্যাস সংগ্রহে দূরে যেতে হওয়ায় সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে এবং দৈনিক আয় কমছে।

চালকেরা গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং ফিলিং স্টেশন চালুর দাবি জানান।

ট্রাফিক পুলিশ পরিদর্শক কামরুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে এবং তাঁদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেয়।

তিনি বলেন, পরে চালকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।