মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়ে রেমবাউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমাদ বলেন, ৩ আগস্ট বিকেল প্রায় ৪টা ১৫ মিনিটে একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে লিঙ্গি থানার পুলিশ সেখানে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে হেফাজতে নেয়।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য, নিহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

নিহত, আহত এবং পুলিশি হেফাজতে থাকা ব্যক্তি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় থাকতেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে।

কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি।

তাঁকে রিমান্ডের আবেদন জানাতে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা ছিল।

মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

সংঘর্ষের কারণ, মৃত্যুর পেছনের উদ্দেশ্য এবং ঘটনার সম্পূর্ণ ধারাবাহিকতা এখনও নিশ্চিত হয়নি।