চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. চেন ঝিমিনের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল ৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে।

প্রতিনিধিদলে অধ্যাপক পিং ঝাং, অধ্যাপক ইন ঝিগুয়াং ও অধ্যাপক ঝেং ইউ ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুইও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক দ্বৈত ডিগ্রি কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

দুই প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং জ্ঞান ও গবেষণালব্ধ তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে বলে জানানো হয়।

উপাচার্য ওবায়দুল ইসলাম একাডেমিক ও গবেষণা সহযোগিতা বাড়ানো এবং তরুণদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে যৌথভাবে কাজ করার আগ্রহ জানান।

তিনি ফুদান বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও বৃত্তির সুযোগ এবং যৌথ একাডেমিক কর্মসূচি সম্প্রসারণে সহযোগিতা চান।

উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হতে পারে।