যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিওত্তির ভিসা বাতিল করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ৪ আগস্ট সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

ওই কর্মকর্তা বলেন, ব্রাজিলে যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক অনুমোদন বিলম্বিত হওয়া এবং কয়েকজন মার্কিন কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যানের প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভিসা বাতিলের অর্থ রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বা তাঁকে বহিষ্কার করা হয়েছে—এমন নয়।

মার্কিন কর্মকর্তার ভাষ্য, বর্তমান অবস্থায় ভিওত্তি কূটনৈতিক ভিসার বৈধতা ছাড়া যুক্তরাষ্ট্রে আছেন।

ব্রাজিল ওয়াশিংটনের মনোনীত রাষ্ট্রদূতকে অনুমোদন দিলে ভিওত্তির ভিসা পুনর্বহাল করা হবে বলেও তিনি জানান।

গত মাসে ব্রাজিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ব্যুরোর কয়েকজন কর্মকর্তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছিল।

ব্রাজিল তখন বলেছিল, অক্টোবরের নির্বাচন সামনে রেখে দেশটির নির্বাচনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে ওই কর্মকর্তাদের সফর পরিকল্পিত হয়েছিল।

মার্কিন প্রশাসন লুলা সরকারের বিরুদ্ধে রক্ষণশীলদের মতপ্রকাশ সীমিত করা এবং তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া ব্যবহারের অভিযোগ করেছে।

ব্রাজিল পাল্টা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার রাজনীতিতে রক্ষণশীল শক্তির পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

ভিসা বাতিলের বিষয়ে ব্রাজিল সরকার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।