ক্যালিফোর্নিয়ার র‍্যাঞ্চো পালোস ভার্দেসে ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সের কাছে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ।

ডোনাল্ড ট্রাম্পের ওই গলফ কোর্সে রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল।

শেরিফ বিভাগের দাবি, ব্যক্তিটিকে গলফ কোর্সের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে, ছবি ও ভিডিও ধারণ করতে এবং নিরাপত্তা-সংক্রান্ত তৎপরতা পর্যবেক্ষণ করতে দেখা যায়।

শেরিফ বিভাগের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ছদ্মবেশী ফেডারেল এজেন্টদের তথ্যের পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।

তল্লাশিতে তার কাছে ১৬ রাউন্ড ধারণক্ষমতার একটি ম্যাগাজিন পাওয়া যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তাদের ভাষ্য, গলফ কোর্সে রাখা তার গাড়ি থেকে একটি গুলিভর্তি পিস্তল ও হলো-পয়েন্ট গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে গোপনে আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগ আনা হয়েছে বলে শেরিফ বিভাগ জানিয়েছে।

শেরিফ বিভাগ আরও বলেছে, এল সেগুন্ডো শহরের একটি ডাকাতি মামলায়ও তাকে খুঁজছিল স্থানীয় পুলিশ।

পরদিন ডাউনিতে তার বাড়িতে এফবিআইয়ের যৌথ সন্ত্রাসবাদ টাস্ক ফোর্স ও শেরিফ বিভাগের মেজর ক্রাইমস ব্যুরো তল্লাশি চালায়।

কর্তৃপক্ষের ভাষ্য, ওই তল্লাশিতে পরিবর্তিত এআর-প্ল্যাটফর্ম রাইফেল, একটি .৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, একাধিক উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, গোলাবারুদ ও কিছু নোটবুক জব্দ করা হয়েছে।

সিক্রেট সার্ভিসের সহায়তায় তদন্ত চলছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও অভিযোগ আনা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কর্তৃপক্ষ এখন পর্যন্ত ট্রাম্পকে ক্ষতি করার কোনো উদ্দেশ্যের কথা জানায়নি এবং এ ধরনের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা হয়েছে বলেও উল্লেখ করেনি।

শেরিফ বিভাগ বলেছে, তারা সম্প্রদায়ের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করেনি।