বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বিকাল থেকে গ্যাস সঞ্চালন শুরু হবে এবং দুই-তিন দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে।
সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে গ্যাসের চাপ উন্নত হবে এবং টার্মিনাল বন্ধের আগের অবস্থায় পরিস্থিতি ফিরবে বলে তিনি জানান।
গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো আবার চালু করা হবে বলেও মন্ত্রী জানান।
'ভূতুড়ে বিদ্যুৎ বিল' প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিল নিয়ে আসতে বললে কেউ আসছেন না; যেসব অভিযোগ আসছে তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
তিনি এক সাংবাদিকের বিলের উদাহরণ দিয়ে বলেন, দুইটি এসি, একটি ফ্রিজ ও ব্লেন্ডার ব্যবহারের পর ৭ হাজার টাকার বিল অস্বাভাবিক নয়।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে রুটিন বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং পাইপলাইনে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ জানানো হয়েছে বলেও মন্ত্রী জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে কিছু বলতে চান না; তবে শেখ হাসিনা দেশ ধ্বংস করে গেছেন।