প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকার বিজয় সরণির র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ গঠনের জন্য প্রাথমিক পর্যায়ের ক্রীড়া কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে তিনি জানান।

তাঁর ভাষ্যে, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়; এটি শিক্ষার্থীদের ধৈর্য, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা গঠনে সহায়ক হতে পারে।

ববি হাজ্জাজ বলেন, নিজের ওপর আস্থা গড়ে উঠলে শিক্ষার্থীরা সহিংসতা ও সংঘাত এড়িয়ে সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে শিখতে পারে।

তিনি কারাতে সংগঠনগুলোর প্রতি সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান।

এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাঁর কারাতে চর্চা শুরু হয়েছিল।

বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা তাঁকে তিন দশকের বেশি আগের অনুশীলনের স্মৃতিতে ফিরিয়ে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের মধ্যে সনদ ও ব্ল্যাক বেল্ট বিতরণ করেন ববি হাজ্জাজ।