নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও ইঞ্জিনচালিত যানের সংঘর্ষে ইয়ারুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার ভোরে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইয়ারুল লালপুর উপজেলার উধনপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনায় বাবু হোসেন (৪০) ও লোকমান হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, কয়েকজন শ্রমিক অটোভ্যানে করে পাবনার ঈশ্বরদীর জয়নগর এলাকায় ধান রোপণের কাজে যাচ্ছিলেন।
তাঁদের ভাষ্য অনুযায়ী, ঈশ্বরদীগামী একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে অটোভ্যানকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি যানের সঙ্গে ধাক্কা খায়।
স্থানীয়রা তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইয়ারুলকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক চিকিৎসার পর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়; তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।