ঢাকা মহানগর পুলিশ ৫ আগস্ট ভোর ৫টা থেকে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, খেজুর বাগান ও মানিক মিয়া এভিনিউ-সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর করেছে।

ডিএমপি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে এবং বিভিন্ন পয়েন্টে ইউটার্ন ও বিকল্প পথ প্রযোজ্য হবে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত ৪ আগস্টের গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

শাহবাগে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউতে সাংস্কৃতিক আয়োজনকে কেন্দ্র করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।

ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

গোলাপশাহ মাজার ক্রসিং থেকে শাহবাগমুখী যাত্রীবাহী যানবাহনকে হাইকোর্ট ও মৎস্য ভবন ক্রসিং হয়ে কাকরাইল মসজিদ ক্রসিং ব্যবহার করতে বলা হয়েছে।

সায়েদাবাদ থেকে শাহবাগমুখী যানবাহনের জন্য নিউ মার্কেট, আজিমপুর, চানখারপুল ও বকশীবাজার হয়ে একটি বিকল্প পথ রাখা হয়েছে।

সায়েদাবাদ থেকে বাটা ও কাটাবন ক্রসিং হয়ে হাতিরপুল, পলাশী ও নীলক্ষেত ব্যবহার করেও গন্তব্যে যাওয়া যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

মিরপুর রোড থেকে উত্তর দিক দিয়ে ফার্মগেট বা সোনারগাঁওমুখী যানবাহনকে গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউমুখী যানবাহন খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ের দিকে যাবে।

ধানমন্ডি ২৭ ও আসাদগেট থেকে ফার্মগেটমুখী যানবাহনের জন্য গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহনকে খেজুর বাগান, উড়োজাহাজ ক্রসিং, লেক রোড ও আসাদগেট হয়ে যেতে বলা হয়েছে।

মানিক মিয়া এভিনিউ থেকে ব্যারিকেড সরানোর পর মিরপুর রোডের দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন ও আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭ যেতে পারবে।

অনুষ্ঠান চলাকালে যানজট কমাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি বা হাতিরঝিল র‌্যাম্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।