মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে গোর সাংবাদিকদের জানান, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং মার্কিন বিনিয়োগকারীদের একটি দল আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবে।
তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারত্ব আরও সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হয়েছে।
সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গোর অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং যৌথ প্রচেষ্টায় ইতিবাচক ফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।
তিন দিনের সফরের অংশ হিসেবে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছানো গোর সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
শিবির পরিদর্শনকালে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তার কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
আজ শনিবার এই সফর শেষ করে ঢাকা ত্যাগের কথা রয়েছে বলে জানানো হয়েছে।