বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে ১ আগস্ট তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টার মতবিনিময় সভা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় বলেন, সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অর্থনীতিতে সমস্যা আছে স্বীকার করে তিনি বলেন, সরকার সেগুলো সমাধানে কাজ করছে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, আগের বৈঠকে ব্যবসায়ীদের তোলা অনেক সমস্যার সমাধান হয়েছে; নতুন করে ওঠা বিষয়গুলো নিয়েও সরকার কাজ করবে।
হাসান শিপলু জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে আবার বৈঠকের কথা বলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ভাষ্য, নিয়মিত ও খোলামেলা আলোচনায় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান বের করা সহজ হবে।
সভায় ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে বলে শিপলু জানান।
উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সভায় জানানো হয়, আগের বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি সাতটি প্রক্রিয়াধীন।
ব্যবসায়ীরা ২০৩০ সালের মধ্যে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার রূপরেখা উপস্থাপন করেন।
রপ্তানি বাড়াতে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার।